অভিমান নিয়ে ৫টি কবিতা

অভিমান নিয়ে ৫টি কবিতা

অভিমান নিয়ে ৫টি কবিতা। কবিতাগুলো লিখেছেন বাপ্পী মাহমুদ। কবিতায় অভিমান, বিরহ ও প্রেম নিয়ে লেখা হয়েছে। চলুন, কবিতাগুলো পড়া যাক!

১ম কবিতা সম্পর্কে

আমি কবিতা লিখে অভ্যস্ত নই। তবু.. সাহস করে লিখছি। কবিতার ভেতর নেই ছন্দ, নেই কোনো নিয়ম। তাই ক্ষমাসুন্দর চোখে কবিতাটি গ্রহণ করবার আহ্বান জানাচ্ছি।

কবিতায় মূলভাব অভিমানকে ঘিরে।

আর এটি প্রেমের কবিতা, যেখানে প্রেম নিয়ে জাগ্রত হয়েছে বহু বেদনা আর অভিযোগ। চলুন, শুরু করা যাক!

কবিতা: আমি অভিমানী

অনেকদিন কারও ওপর অভিমান হয় না আমার
রাত্রিযাপনে চোখে অশ্রু নামে,
নিঃসঙ্গতার শাসন তবু কমে না
দুঃখে অনন্ত সংশয় বেড়ে যায় আরও

আমি খুব করে ভুলে যেতে চাই আমার দুঃখ

কিন্তু তাতে কি দুঃখ আমার ঠিকানা ভুলে যাবে?
কত তারার গল্পে আকাশ হয়েছে গর্বিত
সাক্ষী তার নিঃসঙ্গ চাঁদও,
তবু আমি রুক্ষশ্রীহীন জীবন আঁকি
আমার গল্পে তাই দুঃখ বিলাসিতা নিত্যসঙ্গী!

বিষাদ কণ্ঠের কত যাতনা যাপিত জীবনে,
নিভৃতের আচল ছুঁয়ে যে সন্ধ্যা নামে
সেখানেও বিষাদের গল্প দেখি আমি
আমার চোখের নোনতা জলে,
তুমি ভেসে যেতে পারতে — পারতে কি?

আজ আর সে প্রশ্নের উত্তর মিলে না
মিলে শুধুই হাহাকার!
আমি পারিনি যাতনা সইতে,
চোখের জলও ভোলেনি কষ্ট
নীরব আকাশটা নক্ষত্রের রাত লিখে পাঠায় শুধু
আর আমার চোখ খোঁজে শুধুই দুঃখ বিলাসিতা!

তারপরও…

তোমার খোঁজ করি এই রুক্ষশ্রীহীন জীবনে
আমার কত অজানা আক্ষেপ
তোমার উপশমের অভাবে করছে অভিযোগ
শুনতে কি পাও না?

আমার একান্ত দুঃখে মিশে আছে জীবনের সুদূর অতীত,
আর আমি ভেসে যাচ্ছি নিভৃত যাপনে!

» আরও পড়ুন: বদলে যাবার দিনে — মুক্তগদ্য

২য় কবিতা সম্পর্কে

এটিও অভিমান কেন্দ্রিক বিরহের কবিতা। তবে এই কবিতায় একই মূলভাব নেই, বরং নিজের প্রেমকে স্মরণ করে কবি এখানে নস্টালজিক হতে চেয়েছেন। কবিতার পিঠে চড়ে ফিরে যেতে চেয়েছেন সুদূর অতীতে।

যে অতীতে স্বপ্ন আর আশা ছিল, এখন আছে কষ্ট। তো চলুন, এই কবিতাটাও পড়া যাক।

কবিতা: অভিমানের নীল সুর

ছোট্ট অসুখের গল্পে আমি হারিয়ে যাচ্ছি…

তোমায় পাঠানো চিরকুটে ছিল আমার প্রেম,
চিরকুটে মির্জা গালিবের হিন্দি কবিতা এঁকেও পাইনি তোমার মন
আমার দুঃখ তাই হয়েছে গাঢ় অভিযোগে ব্যথার নীল
সেই নীল ছুঁয়ে তুমি আমার গল্প হতে পারতে — পারতে কি?

অনেকটা পথ পেরিয়েও তোমায় পিছু ফেলে রাখতে চাইনি
কিন্তু বাস্তবতা হলো আমাদের পথ চিরকুটের ভালোবাসায় এক হয়নি
তুমি বলেছিলে স্বপ্ন দেখতে
আর আমি স্বপ্নে শুধু তোমায় চেয়েছি দেখতে।

আমার সকল কষ্ট তোমার পদতলে আছে বসে
আর নিশ্চুপে এঁকে যাচ্ছে প্রেমের বিরহ গাথা!

» আরও পড়ুন: হুমায়ূন আহমেদ — শুধুই কি জনপ্রিয়?

৩য় কবিতা সম্পর্কে

এই কবিতাটাও প্রথম দুই কবিতার মতোই অগোছালো। তবে এটাও অভিমান কেন্দ্রিক কবিতা। যারা দুঃখ ভরা কবিতা পড়তে পছন্দ করেন, তাদের হয়তো ভালো লাগবে। চলুন, আরও একটি কবিতা শুরু করি!

কবিতা: নিঃসঙ্গ অভিমান

এখন আর নদীর বুকে স্বপ্ন খুঁজি না
আগের মতো দুঃখ পেলে কাঁদিও না
মাঝে মধ্যে তো ভুলেই যাই আমারও একজন ‘তুমি’ ছিল

তোমায় ঘিরে যত অর্থহীন কথারা কবিতা হয়ে আসে,
আমি দুঃখের খাতায় কবিতা লিখি

নিভৃতের সন্ধ্যাগুলো আজও মনমরা হয়ে তোমায় খোঁজে,
আর আমার যত যাতনায় তুমি হয়ে আছো কেবলই আমার একান্ত দুঃখ বিলাসিতা

আমি আর তোমায় খুঁজি না হারাবার ভয়ে
চোখের জলে তাই আর স্বান্তনার অভাব নেই
আছে শুধু একফালি চাঁদের আলোয় আমাদের আবারও সাক্ষাতের অভাব

কিছু গল্পের কোনো মানে নেই — ভেবেছি আমি,
প্রত্যেক ভালোবাসার গল্পই একরকম
তবু আমরা ভুল মানুষের প্রেমে পড়ি

কখনো আকাশ হতে গিয়ে ব্যথার নীলকে ভুলে যাইনি
কখনো আবার প্রেমিক হতে গিয়ে গড়েছি হৃদয়ের বাগান
তোমার শীতল প্রেমের স্পর্শকাতরতার লোভে
আমি একটু একটু করে শীতের কুয়াশার মতো হচ্ছি ইতস্তত

জীবনের প্রয়োজনে এখন আর প্রেম খুঁজি না
কারণ.. একদা প্রেমের প্রয়োজনে জীবন খুঁজেছিলাম!

» আরও পড়ুন: রূপকথার রাজপুত্র হ্যান্স অ্যান্ডারসন — প্রবন্ধ

৪র্থ কবিতা সম্পর্কে

এই কবিতাটি একটু ভিন্ন, রূপক ঘরানার। চেষ্টা করেছি কবিতায় ছন্দ রাখবার। আর সেইসাথে আগের মতোই কবিতায় বিরহ ও অভিমান থাকছে। চলুন, আরও একটি কবিতা পড়ি!

কবিতা: অভিমানী

আমি নিজেকে দেখেছি তোমার চোখে, আমার স্বপ্ন জেনেছি তোমার কথায়
তবু পাইনি ছুঁতে তোমার সংস্পর্শ
তবু…জড়িয়ে গেছি কোন অজানা মায়ায়

তুমি চাইলেই হতে পারতে আমার মতো দুঃখ বিলাসী
ছুঁতে পারতে ব্যথার নীল
আমাকে স্বপ্ন ভেবে ভুলে যেতেও পারতে
হোক না যতই আমাদের অমিল

কোনো এক মাহেন্দ্রক্ষণে জেনে নিয়ো,
ভালোবাসায় স্বপ্ন হয়ে ভেসে ছিলাম আমি
কতটা ভালোবেসেছি, জানেন তা অন্তর্যামী!

তোমার আমার গল্প ভিন্ন, তাই বলে কি প্রেম হবে না?
আমি আছি খুব কাছে তোমার
হও না তুমি যতই দুঃখ বিলাসী
হাত বাড়ালেই হৃদয় ছুঁড়ে দেবো আমার!

» আরও পড়ুন: গল্প লেখার নিয়ম — প্রবন্ধ

৫ম কবিতা সম্পর্কে

এই কবিতায় মন খারাপের সবটা মিশিয়ে দিতে চেয়েছি। সেইসাথে কবিতার কথাগুলো সহজ ও সুন্দর রাখারও চেষ্টা করেছি। চেষ্টা কতখানি সফল হয়েছে জানি না। তবু লিখছি।

কবিতা: অভিমান ভুলে

আমি চাইলেই পারতাম সবটুকু আকাশ থেকে রঙ মুছে দিতে,
আরও পারতাম সমুদ্রের ঢেউ থামিয়ে দিতে,
তবু পারিনি তোমার ওপর অভিমান করে থাকতে।

খুব করে চাইতে চাইতে তোমায় আরও অনেকখানি হারিয়েছি
সকল স্বপ্ন বিস্বাদ হয়ে এলেও, তাই খুঁজিনি আর তোমায়।

আমার পৃথিবীটা আজও ছোটো
সেইখানে তোমার ইতস্তত যাতায়াত
আর…আর আমিও অপারগ তোমায় ভুলতে

কী করে ভালোবেসেও আমাদের স্বপ্নগুলো আলাদা হলো?

আমি ভেবে পাইনি, আমি ভাবতেও চাইনি
কতটা স্বপ্ন রঙিন হলে তোমায় ছোঁয়া যায়?
আমি জানতে চাই — খুব করে চাই!

তোমার গল্প আমার কাছে অনেক দামি,
তাই অভিযোগ ভুলে চলে এসো,
আমার তোমায় না বলা অনেক কথা এখনো বাকি!

উপসংহার

অভিমান খুবই ছোটো একটা শব্দ। কিন্তু তার ব্যাপকতা বিশাল। সেই বিশালতা কবিতায় তুলে ধরার চেষ্টা করেছি।

কখনো কবিতায় এনেছি প্রেম, কখনো বিরহ আর কখনো অভিমানের ভারী আকাশ। যে আকাশে ব্যথার নীল জুড়ে আছে আকাশের সবটা জুড়ে।


প্রিয় পাঠক, নিয়মিত এই ধরনের আরও কবিতা পড়তে শব্দশৈলী পোর্টাল ও ফেসবুক পেজে চোখ রাখুন। ধন্যবাদ।

Share This:

মন্তব্য করুন:

Scroll to Top